মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যারচেষ্টায় মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করেছে (১৯ জু্লাই) রাতে ও কালকিনি থানা পুলিশ। যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এবং কালকিনি থানা পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে গ্রেপ্তার করে।
সম্প্রতি চরআলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর পূর্ব শত্রুতা ও স্থানীয় কোন্দলের জেরে ওত পেতে থাকা প্রধান আসামি মিলন মোল্লার নির্দেশে একদল সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। একটি পা ও একটি হাত ভেঙে দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পরবর্তীকালে ভুক্তভোগী শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মিলন মোল্লা পলাতক ছিলেন।
কালকিনি থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, ‘শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনার প্রধান আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনিপ্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

