টাঙ্গাইলের মধুপুরে আমেরিকান চিকিৎসক দম্পতির বাসার সামনে থেকে একটি অজ্ঞাত ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালের দিকে প্রয়াত আমেরিকান ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং এর আওতাধীন কাইলাকুড়ী হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত বিদেশি চিকিৎসক আমেরিকার নাগরিক Jason Wade Morgenson ও তার স্ত্রী Menndy Grace Morgenson, তাদের বাসার সামনে ড্রোন ক্যামেরাটি দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিক তারা সংগঠনটির নির্বাহী পরিচালক পিজন নংমিনকে অবগত করেন। পরে তার নেতৃত্বে সহকর্মীদের সহযোগিতায় সকাল ৯টার দিকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ড্রোনটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে প্রজেক্টের নির্বাহী পরিচালক পিজন নংমিন বলেন, বিদেশি চিকিৎসকরা আমাদের এলাকায় মানবিক সেবামূলক কাজ করছেন। তাদের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত জরুরি । ড্রোনটি কোথা থেকে এসেছে বা কারা পরিচালনা করেছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আমরা দ্রুত পুলিশকে অবহিত করেছি এবং ড্রোনটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
এ বিষয়ে মধুপুর থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানায়, ড্রোন ক্যামেরাটি প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অচল। কিন্তু এটি কীভাবে এখানে আসল, কার মালিকানাধীন এবং কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

