নিবু মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার না করলে ফের আন্দোলনের হুমকি

নিবু মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার না করলে ফের আন্দোলনের হুমকি

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক নিবু মিয়া হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় বক্তারা, আগামী এক মাসের মধ্যে কৃষক নিবু মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার না করলে ফের আন্দোলনে নামার হুমকি দেয়।

বুধবার সকাল ১১টায় বাজিতপুর-উজান সড়কের পিরিজপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গত ১৯ অক্টোবর কৃষক নিবু মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত কর্মকর্তা তার তদন্তে গাফিলতি করেছে। ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছে। চার্জশিট দেওয়ার নাম করেও টাকা নিয়েছে ওই তদন্তকারী কর্মকর্তা। যে তদন্ত কর্মকর্তা জড়িত ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় যারা ছিল তাদের অনেককে এখন পর্যন্ত আটক করা হয়নি। মামলার শুরুতে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন আসামিকে আটক করার পর তার জবানবন্দির মাধ্যমে নিহতদের এক ছেলেকে এক ছেলেকে আটক করা হয়। এক মাসের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হলে আবারও আন্দোলনে নামা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতের ছেলেকে দ্রুত সময়ের ভিতর জামিন দিতে হবে।

নিহত নিবু মিয়ার ছেলে হৃদয় বলেন, আমার বাবার হত্যার সঠিক বিচার চাই। আগের তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করা হয়নি। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল অপরাধীদের আটক করে বিচারের মুখোমুখি করা হোক। আমার ভাই জড়িত নয়, আমার ভাইকে মুক্তি দেওয়া হোক।

মানববন্ধনে নিহতের স্ত্রী আলেহা খাতুন বলেন, আমার স্বামী সহজ সরল মানুষ, কোনোদিন কারও ক্ষতি করে নেই। আমার স্বামীকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই আমি। আমরা নিরপরাধ ছেলের মুক্তি চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন