রাশিয়ার হয়ে যুদ্ধরত কিশোরগঞ্জের যুবক ইউক্রেনের ড্রোন হামলায় নিহত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

রাশিয়ার হয়ে যুদ্ধরত কিশোরগঞ্জের যুবক ইউক্রেনের ড্রোন হামলায় নিহত
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। নিহত রিয়াদ রশিদ (২৮) উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানান।

বিজ্ঞাপন

মেসেঞ্জারে পাঠানো বার্তায় লিমন জানান, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরীয় নাগরিক নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে লিমন নিজেও রয়েছেন। হামলায় তিনি একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রিয়াদ ও লিমন গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন। রিয়াদের ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে পরিবারের দাবি, রুশ সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি তারা আগে জানতেন না।

নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, “গত বছরের অক্টোবরে একটি কোম্পানির চাকরির উদ্দেশ্যে রাশিয়ায় যান রিয়াদ। পরে কীভাবে তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন, সে বিষয়ে আমাদের কিছু জানা ছিল না।”

তিনি আরও জানান, গত ২৮ এপ্রিল পরিবারের সঙ্গে রিয়াদের শেষবার কথা হয়। ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গিয়েছিল।

করিমগঞ্জ থানার ওসি এমরানুল কবির বলেন, “স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তবে সরকারিভাবে এ ঘটনায় এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা রিয়াদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...