নারায়ণগঞ্জের বন্দরে দিনে-দুপুরে এক জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি এবং দোকানমালিককে মারধর করে ৮ ভরি স্বর্ণ, ২০০ ভরি রুপাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে ১ নম্বর ঢাকেশ্বরী বাজার এলাকায় দেবাশীষ ঢালীর জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুরে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হঠাৎ দোকানে প্রবেশ করে। ডাকাতেরা ভেতরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং তাকে বেদম মারধর করে। একপর্যায়ে ক্রেতাদের কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা সাড়ে ৪ ভরি স্বর্ণসহ মোট ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপার অলংকার লুট করে দ্রুত চম্পট দেয়। তিনি অবিলম্বে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ঘটনার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িত ডাকাতদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

