ফতুল্লায় যুবলীগ সভাপতিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

ফতুল্লায় যুবলীগ সভাপতিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি মেহেদী হাসান শাহিনকে (৪০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। আত্মরক্ষার জন্য শাহিন ওই ফ্ল্যাটের বাথরুমে লুকিয়ে ছিলেন।

বিজ্ঞাপন

মেহেদী হাসান শাহিন ফতুল্লা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং থানা যুবলীগ সভাপতি মীর সোহেল আলীর ক্যাডার হিসেবে পরিচিত। স্থানীয়রা জানান, ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর যুবলীগ নেতা মেহেদী হাসান শাহিন আত্মগোপনে চলে যান।

কোরবানি ঈদে তিনি ফতুল্লা দাপা ইদ্রাকপুর সাহার সিটি মাঠ এলাকায় ভাড়া বাসায় দ্বিতীয় স্ত্রীর ফ্ল্যাটে আশ্রয় নেন। গত সোমবার রাতে বিষয়টি জানতে পেরে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা ওই ভবনের চারদিক ঘেরাও করে।

শাহিন আত্মরক্ষার্থে পাশের ফ্ল্যাটের বাথরুমে আশ্রয় নিয়ে বাইরের দিকে তালাবদ্ধ করে রাখে। পরে ফ্ল্যাটের তালা ভেঙে বাথরুমে লুকিয়ে থাকা শাহিনকে টেনেহিঁচড়ে বের করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শাহিনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন, পারভেজসহ ফতুল্লা মডেল থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন