খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

প্রাণিসম্পদের উন্নয়নে প্রতিটি উপজেলায় হবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক

প্রাণিসম্পদের উন্নয়নে প্রতিটি উপজেলায় হবে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক
সচিবালয়ে নিজ কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী । ছবি: আমার দেশ

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি মানিকগঞ্জ জেলার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধের উৎপাদন ও সরবরাহ আরও বাড়াতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর জাত উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রাণিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক চালু এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী মানিকগঞ্জের প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি সাটুরিয়া উপজেলার তরুণ উদ্যোক্তা জাবেদ হোসেনের উদ্যোগের প্রশংসা করে বলেন, শুষ্ক মৌসুমে কাঁচা ভুট্টার ঘাস প্রক্রিয়াজাত করে সাইলেজ উৎপাদনের মাধ্যমে তিনি পশুখাদ্য সরবরাহে অবদান রাখছেন। এ ধরনের তরুণ উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগিতা করতে হবে।

এ ছাড়া সিঙ্গাইর উপজেলায় বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ডেইরি হাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের ব্যবস্থা রয়েছে। খামারিদের উৎপাদিত দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ প্রয়োজন।

খাদ্যমন্ত্রী মানিকগঞ্জের প্রতিটি এলাকায় নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাটিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যা লি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদসহ এতে বিপুলসংখ্যক খামারি, কৃষক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...