ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার (৩ মার্চ) ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার মধ্যরাতের পর হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। ভোররাতের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। গভীর রাতে পদ্মা নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে আসায় নৌপথের মার্কিং বাতি ও চ্যানেল সঠিকভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌচলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক-যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৬টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৮টা ৩৫ মিনিট) ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

