মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত রাখতে জামায়াতের ক্রীড়া সামগ্রী বিতরণ

মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত রাখতে জামায়াতের ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণ ও যুব প্রজন্মকে মাদক, জুয়া ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান কবির বেপারীর উদ্যোগে বিভিন্ন ক্রীড়া ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ডামুড্যা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি বালুর মাঠে তরুণ ও যুবকদের হাতে ফুটবল, খেলার সামগ্রী ও জার্সি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম বাচ্চু, ৫ নম্বর ওয়ার্ডের কবির ছৈয়াল, জামায়াত নেতা মোজাম্মেল বেপারী, আবুল হোসেন সরদার, জলিল মাঝী, হাবিবুল্লাহ ও হাফেজ মোদাচ্ছেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Amardesh_Jamate_Islami

ক্রীড়া সামগ্রী বিতরণকালে আতিকুর রহমান কবির বেপারী বলেন, “তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে অনেক তরুণ মাদক ও মোবাইল গেমের আসক্তির ঝুঁকিতে রয়েছে। তাদের মাঠমুখী করতে এবং স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই তারা খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠুক।”

এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মেয়র প্রার্থী আতিকুর রহমান কবির বেপারীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করেন। তারা বলেন, নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণরা খেলার মাঠে ফিরবে। এতে উপজেলা থেকে প্রতিভাবান ফুটবলার ও ক্রিকেটার গড়ে উঠবে। পাশাপাশি তরুণ সমাজের মধ্যে খেলাধুলার সংস্কৃতি আরও বিকশিত হবে এবং সামাজিক অবক্ষয় রোধেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন