মাদারীপুরের রাজৈরে আলোচিত ইতালি প্রবাসী হালিম খান হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে দিকে তথ্যটি নিশ্চিত করেন রাজৈর থানা ওসি মাসুদ খান।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীচর থানার পূর্ব রসুলপুর ৬ নম্বর গলির বাদশা মিয়ার দ্বিতীয় তলা ভবনের ভাড়া বাসা থেকে মাদারীপুর র্যাব-৮ ও ঢাকার র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার আসামিদের রাজৈর থানায় হস্তান্তর করা হয়। মাদারীপুর র্যাব-৮ ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন নিহত প্রবাসীর শ্যালক ও রাজৈর উপজেলার রাজোন্দি দ্বারাদিয়া গ্রামের সামাদ চৌকিদারের ছেলে সবুজ চৌকিদার (৩০)। তিনি মামলার ২ নম্বর আসামি। তার স্ত্রী মোসা. আরিফা (২৫)। তিনি মামলার ৫ নম্বর আসামি।
শুক্রবার দুপুরে র্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, পাঁচ বছর পূর্বে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের রাজোন্দি দ্বারাদিয়া গ্রামের সামাদ চৌকিদারের মেয়ে রেশমা বেগম ও পার্শ্ববর্তী ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত হাজী মো. কমল খানের ছেলে হালিম খানের দ্বিতীয় বিয়ে হয়। পরে জীবিকার তাগিদে ইতালি পাড়ি জমান হালিম। দীর্ঘ কয়েক বছর পর চলতি বছরের ১০ মার্চ দেশে আসেন এবং স্ত্রীর সঙ্গে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করেন তিনি। এরপর প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব চাইলে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের সাথে মনোমালিন্য হয়। এরই জের ধরে গত ২৪ জুন রাতে আবারও কথা-কাটাকাটি হলে হালিমকে তার শ্বশুর বাড়ির লোকজন বেধড়ক মারধর ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ভোর রাতে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল রাজ্জাক খান বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের মাধ্যমে র্যাব-১০ ও র্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, প্রবাসী হালিম খান হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। তাদেরকে আগামীকাল মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

