আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাপাসিয়ায় অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

কাপাসিয়ায় অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে একটি মাদ্রাসার মুহতামিমকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামিয়া রশিদিয়া আশরাফিয়া খিরাটি মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার মুহতামিম মুহা. আব্দুস সবুর, তার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করে বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মাদ্রাসাটি প্রতিষ্ঠা ও পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. আবুল হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিতরা প্রশাসনের কাছে অপপ্রচারের বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মুহতামিম আব্দুস সবুর বলেন, তিনি দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে খিরাটি এলাকায় বসবাস করছেন এবং বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করে সেখানে মাছ চাষ ও কৃষিকাজ করে আসছেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে কাগজপত্র যাচাই-বাছাই করেই তিনি জমি কিনেছেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, পূর্বে প্রশাসনের নির্দেশে ভূমি কার্যালয়ের জরিপকারী দ্বারা জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। তার দাবি, জমিতে সফল চাষাবাদ হওয়ায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

এ সময় আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী ও জমির মালিকরা। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...