কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা
খোকসা থানা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামের একটি ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত ফারুক হোসেন (৪৫) দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে, আব্দুল শেখ (৩০) আতিয়ার শেখের ছেলে। এ ঘটনায় মুল্লুক মণ্ডল (৩৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে সামিরুল মোল্লা তার সহযোগীদের নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালান। হামলার খবর পেয়ে ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। আহত মুল্লুক মণ্ডল পালিয়ে গিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ডিউটি অফিসার এএসআই হাসমত আলী জানান, ওসমানপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় দুজন মারা গেছেন। ঘটনার পর ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন