ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুবছর ধরে কাজ বন্ধ

ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুবছর ধরে কাজ বন্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ পোস্ট অফিস ভবন নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার পালিয়ে যাওয়ায় দুবছর ধরে কাজ বন্ধ রয়েছে।

জানা গেছে, ২০২৪-এর গণঅভ্যুত্থানে ৫ আগস্টের পর থেকে উধাও হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ পোস্ট অফিসের ঠিকাদার। আজ পর্যন্ত ঠিকাদারের কোনো খোঁজ নেই। অসমাপ্ত কাজ আজও বন্ধ রয়েছে। পুরোনো পোস্ট অফিস সংস্কার প্রজেক্ট প্রকল্পের অধীন ঝিনাইদহের কালীগঞ্জ প্রধান ডাকঘর নলডাঙ্গা পোস্ট অফিসের সংস্কারকাজ গত দুবছরে সমাপ্ত হয়নি। বর্তমানে মূল অফিস রুমের দরজা-জানালা না থাকায় ভবনের ভেতর খড়ি, সাইকেল রাখার গ্যারেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। উপজেলা পোস্ট মাস্টার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান বলেন, গত এক বছর হলো তিনি কালীগঞ্জের প্রধান ডাকঘরে যোগদান করেছেন। ঝিনাইদহ প্রধান ডাকঘর অফিসের পোস্ট মাস্টার রিয়াজুল হক জানান, তিনি কয়েক মাস হলো এ অফিসে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

কালীগঞ্জ প্রধান পোস্ট অফিসের সংস্কারকাজ কেন বন্ধ বা ঠিকাদার কে ছিলেন তা তিনি বলতে পারছেন না। সাব-ইঞ্জিনিয়ার তাইবুর রহমান বলেন, তিন মাস আগে তিনি কালীগঞ্জ প্রধান পোস্ট অফিস ভবনটি পরিদর্শন করে এসেছেন। ২০২৩ সালে ভবন সংস্কারের টেন্ডার হয়েছিল। ওই কাজের ব্যয় বরাদ্দ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, ঠিকাদার পালিয়েছে বা কাজ বন্ধের বিষয়টি জানলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন