নারী ও শিশু নির্যাতন বিচারে ছুটির দিনও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

নারী ও শিশু নির্যাতন বিচারে ছুটির দিনও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সচল রাখতে ছুটির দিনেও আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই এ মামলার বিচার শুরু হবে। ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দাখিল করা হয়েছে। সরকার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে কাজ করছে।

সম্প্রতি ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এ ধরনের আচরণ কেউ কামনা করে না। এটি মোটেও শোভনীয় নয়।

পরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, নজরুল আমাদের চেতনার নাম। তার সাহিত্য ও বিদ্রোহী দর্শন আজও মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস জোগায়।

কার্পাসডাঙ্গা মিশনারি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন