কুষ্টিয়ায় গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন এক জামায়াত নেতা। তিনি সুজাউদ্দিন জোয়ার্দ্দার, ছিলেন দলটির জেলা শাখার সেক্রেটারি। তার পদে দায়িত্ব পেয়েছেন শহর শাখার আমির মাওলানা মো. এনামুল হক।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা শাখার আমির খন্দকার এ কে এম আলী মহসিন।
এছাড়া দলটির সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনের স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে মোমিন বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে।
জেলা আমির খন্দকার এ কে এম আলী মহসিনের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকে মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত রোকন ভাইদের রুকুনিয়াত মুলতবি থাকবে, সে মোতাবেক সুজাউদ্দিন জোয়ার্দ্দারের স্থলে জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এনামুল হক এবং সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিনের স্থলে নতুন জেলা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোমিন বিশ্বাস।
পদ হারানোর ব্যাপারে সুজাউদ্দিন জোয়ার্দ্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এ কারণে তাকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

