জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান জাদু বলেছেন, তারুণ্য নির্ভর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তারেক রহমান। তিনি ৩১ দফা প্রণয়ন করেছেন, এটা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের দফা।
শনিবার সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুয়ানা-গজালিয়া এলাকায় শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সনাতন ধর্মালম্বীদেরকে তারেক রহমান ও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তবৃন্দের খোঁজ খবর নেন।
বাংলাদেশ সেবাশ্রম বাবুয়ানা শাখার সভাপতি মধু সুদন হাওলাদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ভট্টাচার্য্য, স্বেচ্ছাসেবক দল নেতা আছাদুজ্জামান সৌদি, লিটন শেখ, শহিদুল ইসলাম শহিদ, খোকন মোল্লাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেবাশ্রম বাবুয়ানা-গজালিয়া শাখার উদ্যোগে গেল বৃহস্পতিবার (২০মার্চ) শুরু হওয়া শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
তিনদিনের এই ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেছেন। এই অনুষ্ঠান ঘিরে মিলন মেলায় পরিণত হয়েছে বাবুয়ানা এলাকা। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসে ছিলেন মৌসুমি ব্যবসায়ীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

