লোহাগড়ায় নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

লোহাগড়ায় নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আ.লীগ নেতা মো. লাবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শালনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত আলোচিত এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগে দুটি পৃথক মামলা রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো ২০২৪ সালের ১৩ নভেম্বর দায়েরকৃত মামলা (মামলা নম্বর: ১৫), যার বাদী জাহিদুল ইসলাম ঝুনু এবং দ্বিতীয়টি ২০২৪ সালের ৯ ডিসেম্বর দায়েরকৃত মামলা (মামলা নম্বর: ১১), যার বাদী ইয়াজুর রহমান বাবু। এসব মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতার মামলা থাকা সত্ত্বেও ইউপি চেয়ারম্যান লাবু মিয়া এতদিন প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে এলাকায় বহাল তবিয়তে ঘোরাঘুরি করছিলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে নড়াইল বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন