আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধন

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের মানববন্ধন

জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আসন পুনর্বিন্যাসের নামে শ্যামনগরবাসীর সঙ্গে চরম অবিচার করা হয়েছে। দেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর ও আশাশুনিকে একত্র করে একটি সংসদীয় আসন গঠনের প্রস্তাব পুরোপুরি অযৌক্তিক। এই দুই উপজেলা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। তাদের এক আসনে অন্তর্ভুক্ত করা জনগণের প্রতি উপহাস ও দুর্ভোগ ডেকে আনার ষড়যন্ত্র।

তিনি আরো বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাই পূর্বের মতো শ্যামনগরকে একক সংসদীয় আসন হিসেবে বহাল রাখা হোক। অন্যথায় শ্যামনগর ও কালিগঞ্জকে একত্র করে একটি নতুন আসন গঠনের বিষয়টি বিবেচনা করা হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন