রাজাপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

রাজাপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার সমবায় এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ভান্ডারিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হন এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে থাকা একটি সবজিভ্যান হঠাৎ সড়কে উঠে পড়লে সেটিকে এড়াতে গিয়ে সিএনজিটি মহাসড়কের মাঝখানে চলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত সিএনজিটি থানার হেফাজতে নেয়।

রাজাপুর থানার ওসি জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন