বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে জমায়েত ও সমাবেশ শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন আজিজুল বারী হেলাল এমপি। বিশেষ বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আমির এজাজ খান এমপি, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।
সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
সমাবেশ শেষে শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে র্যালিটি নগরীর রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

