মতবিনিময়ে আইনমন্ত্রী

মাদকের গডফাদার যে দলেরই হোক, ধরতে যেন হাত না কাঁপে

মাদকের গডফাদার যে দলেরই হোক, ধরতে যেন হাত না কাঁপে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আইনের আওতায় আনবেন। তিনি যত শক্তিশালীই হোন না কেন, এমনকি আমার দল বিএনপির কেউ হলেও তাকে ধরতে যেন হাত না কাঁপে।

মঙ্গলবার সকালে বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছি, বিএনপির কোনো শক্তিশালী নেতাও যদি কোনো অপরাধীকে পৃষ্ঠপোষকতার চেষ্টা করেন, তার ব্যাপারেও আপনারা জিরো টলারেন্স দেখাবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে কোনো পক্ষপাত নেই।

অভিযোগ আছে অথচ আপনি তা উপেক্ষা করবেন, সেটা হবে না। আইনের হাতে সোপর্দ করবেন। আইন আইনের মতো এগিয়ে যাবে। সে যদি আদালত থেকে জামিন পায়, সেটা তার অধিকার। কিন্তু পুলিশ তাকে বাইরে ঘুরে বেড়াতে দেবে, সে খুন করে বেড়াবে আর জনগণের মুখে কথা হবে যে, খুন করলেও পুলিশ তাকে ধরতে সাহস পাচ্ছে নাÑএটা হতে পারে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের হাত এখনো এত দুর্বল হয়নি। যদি দেখেন মাদক কারবারের সঙ্গে বা মাদকের গডফাদার হিসেবে সরকারদলীয় কিংবা বিরোধী কোনো নেতার সম্পৃক্ততা আছে, তাকে ধরতেও যেন আপনার হাত না কাঁপে।

আদালতের জামিন দেওয়া না দেওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এটি আদালতের ব্যাপার। সেখানে যদি ন্যায়বিচারকে প্রভাবিত করে কোনোভাবে জামিন নেওয়া বা দেওয়ার চেষ্টা করা হয় কিংবা জামিন ঠেকানোর চেষ্টা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন। মনে রাখতে হবে, ন্যায়বিচারের বাস্তবায়ন নিশ্চিত করতে চাইলে আমাদের কঠোরতা দেখাতে হবে।

আইনমন্ত্রী বলেন, আরেকটি বিষয় এখানে ফ্যাসিবাদ। গত ১৭ বছরে বিএনপি-জামায়াতের বহু মানুষকে ধরে নিয়ে বিনা বিচারে হত্যা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ক্রসফায়ার’। চার হাজারের বেশি বিএনপি নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ার দেওয়া হয়েছিল। ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল। সেসব মামলার ৯৯ শতাংশের ক্ষেত্রে বাদী হয়েছিল পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন