মশাবাহিত রোগ প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে ‘মশক নিধন সপ্তাহ-২০২৬’।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ভিসি মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, সড়ক, ড্রেন, জলাবদ্ধ স্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
ক্যাম্পাসকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে এ সময় মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় প্রধান, পরিচালক ও শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

