নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদক অভিযানের সময় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারিরা।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে চারজনের একটি অভিযানিক দল লাহুড়িয়া বাজারের মাগুরা বাসস্ট্যান্ডে শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। অভিযানের সময় হারুনের শরীর তল্লাশিকালে ওই দোকানে উপস্থিত ইয়াবা কারবারি হারুন, কামাল, শ্যামল, আকিদুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে এসআই খোকনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় হারুনের কাছে থাকা আনুমানিক ৩ থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট মাদক কারবারি হারুনের কাছ থেকে উপস্থিত মাদকসেবী ১২-১৩ জন ছিনিয়ে নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করে।
মাদক কারবারি মো. হারুন রশিদ লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে।
এ সময় আহত এসআই খোকনকে সঙ্গীয় ফোর্স ও বাজারের লোকজন উদ্ধার করে দ্রুত লোহাগড়া হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাইদুল্লা হিমেল বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে। তিনি শঙ্কামুক্ত।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ হামলার শিকার হয়ে আহত হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

