স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক

স্বেচ্ছাসেবক লীগ নেতার ‘ভা‌তিজা রাসেল’ বেনাপোল ইমিগ্রেশনে আটক
ছবি: আমার দেশ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় গোয়েন্দা টপ লিস্টে নাম থাকায় শাহরিয়ার করিম রাসেল নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৫টায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পু‌লিশ তাকে আটক করে। আটক শাহরিয়ার করিম রাসেল ঝিনাইদহ শহরের আরাপপুর উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে এবং কালীগ‌ঞ্জের বহুল আলো‌চিত এম‌পি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার শীর্ষ আসামি হিসেবে বর্তমানে কারাগারে আটক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল কুরিম মিন্টুর আপন ভা‌তিজা। আটক রাসেল ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দা‌য়িত্ব পালন করে আস‌ছিলেন। তিনি ঝিনাইদহে ‘ভা‌তিজা রাসেল’ নামেও প‌রি‌চিত।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতগামী যাত্রী হিসেবে শাহরিয়ার করিম রাসেল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশন টপ লিস্টে তার নাম রয়েছে বলে শনাক্ত হয়। এরপর তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ জানায়, শাহরিয়ার করিম রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা বিচারাধীন। এ কারণেই তার নাম ইমিগ্রেশন টপ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাইফুর রহমান বলেন, টপ লিস্টে নাম থাকায় শাহরিয়ার করিম রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর‌দিকে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করতে ঝিনাইদহ থানার পুলিশকে অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন