পানিতে ডুবে পৃথক ঘটনায় মাগুরার মৌশা এবং কালিনগর গ্রামে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শামীম আহমেদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (২) ও রাইশা (৩) নামে দুই কন্যাশিশু মারা গেছে। সম্পর্কে তারা আপন চাচাতো বোন।
মৃত দুই শিশুর ভাবি রিমা খাতুন জানান, সকালে খাবার খাওয়ার পর দুই শিশু বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখে। পরে দ্রুত তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী আবু হাসান পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মৃত রাফিয়া মৌশা গ্রামের আমিনুরের কন্যা এবং রাইশা আলিনূরের কন্যা।
একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে তাদের পরিবারে চলছে মাতম। পুরো মৌশা গ্রামেও বিরাজ করছে গভীর শোকের আবহ।
অন্যদিকে মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের আলী মোল্লার শিশু পুত্র ইয়াসিন মোল্লার (৯) মৃতদেহ মধুমতি নদীর বাগবাড়িয়া এলাকা থেকে সকালে মাগুরা ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার করেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

