কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর ও থানার আশপাশে প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে চলা এ সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি ও উপজেলা কৃষকদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে বিকেলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ হাসানুর রহমান ও শেখ নাজমুল হোসেনের সমর্থকদের সঙ্গে উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও সালাউদ্দিন লিটনের সমর্থকদের মধ্যে এই হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আল ইমরান হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ঘোষ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন