চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুরাপাড়া এলাকায় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে একটি পিকআপ ভ্যান গতিরোধ করে ২৩ বস্তায় থাকা ৪০০ কেজি চুল ছিনতাই করে নিয়ে গেছে।
শনিবার বেলা দেড়টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানা থেকে প্রসেসিং শেষে চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে ২৩ জন ব্যবসায়ীর আনুমানিক প্রায় এক কোটি টাকা মূল্যের প্রসেস করা চুল ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ব্যবসায়ীরা মিলে দুর্বৃত্তদের অনুসন্ধানে নেমেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মন্টু মিয়া জানান, এই চালানের সঙ্গে প্রায় ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ১০০ জন শ্রমিকের জীবিকা জড়িত। ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করায় চুল বিক্রির অর্থ দিয়েই তাদের পাওনা মেটানোর কথা ছিল। ছিনতাই হওয়া মালামাল দ্রুত উদ্ধার করা না গেলে ব্যবসায়ী ও শ্রমিকদের মারাত্মক অর্থসংকটে পড়ে অনাহারে দিন কাটাতে হবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে পুলিশ এরমধ্যেই তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া চুল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

