সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার। মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ০৭ মার্চ ২০২৬ তারিখ শনিবার ৬ জন জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে মো. কবির নামের একজন ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন যাবৎ জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আজ ১৭ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনে শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ৬ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

