সুন্দরবনে তিনমাস মাছ ধরা নিষিদ্ধ

সুন্দরবনে তিনমাস মাছ ধরা নিষিদ্ধ

সুন্দরবনে তিনমাস মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। ঘোষণা অনুযায়ী ১ জুন ২০২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে জেলেদের জন্য সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস ও পারমিট ২৫ মে থেকে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য প্রজাতির টিকে থাকার জন্য প্রজনন মৌসুমে জলজ প্রাণিদের নিরবচ্ছিন্ন প্রজনন নিশ্চিত করতে হবে। কেউ যদি এই সময় নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, নদী-খালে বিষ প্রয়োগ কিংবা জাল দিয়ে নির্বিচারে মাছ ধরার ফলে শুধু মাছের ক্ষতি হয় না, এতে গোটা জলজ বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ে। তাই এবার মনিটরিং আরও জোরদার করা হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, যথাসময়ে কঠোর সিদ্ধান্ত নেওয়াটা প্রশংসনীয়। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় তদারকি আরও বাড়াতে হবে। বিশেষ করে বিষ দিয়ে মাছ ধরার প্রবণতা বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের আরও তৎপরতা জরুরি।

তবে এই নিষেধাজ্ঞায় সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার জেলের জীবিকা কিছুটা ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি বিবেচনায় রেখে মৎস্য বিভাগ জানিয়েছে, এসব জেলেকে দুদফায় ৮০ কেজি করে চাল দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন