ভারত থেকে পুশ-ইন করা ৭৮ জন বাংলাদেশিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার এসব মানুষকে রোববার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ 'স্বাধীন বাংলা ও একটি কাঠের ট্রলারে করে মোংলার উদ্দেশে পাঠানো হয়েছে।
বন বিভাগ, কোস্টগার্ড ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেশ কয়েকটি স্পিডবোটে করে এই ৭৮ বাংলাদেশিকে সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া চরে নামিয়ে দিয়ে যায়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের টহল দল তাঁদের উদ্ধার করে মান্দারবাড়িয়া ফরেস্ট ক্যাম্পে নিয়ে আসে। পরে শনিবার রাতে তাদের কাকা-দোবেকী কোস্টগার্ড ক্যাম্পে হস্তান্তর করা হয়।
সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, উদ্ধারদের বেশির ভাগই অসুস্থ। কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং একজনের হাত ভাঙা। খাবার ও প্রাথমিক চিকিৎসা সরবরাহের পর কিছুটা সুস্থতা ফিরে পান তারা।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে। বিভিন্ন সময় ভারতের গুজরাটসহ বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতেন। বৈধ কাগজপত্র না থাকায় সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং সন্দেশখালী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে এনে রেখে যায়।
উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের সাইদুল মোল্লা (২৭) ও আবু বকর (২২)। তারা জানান, প্রায় দু’বছর আগে গুজরাটে গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। সেখানে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। আটকের পর তাদেরও পুশ-ইন করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত লোক থাকায় একটি কাঠের ট্রলারের সাহায্যেও তাদের মোংলা ঘাঁটিতে পাঠানো হয়। শ্যামনগর উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

