বাগেরহাটে অল্প সময়ের ব্যবধানে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। মশাবাহিত এ রোগের বিস্তার ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাগেরহাট জেলা যুবদল।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনের উদ্যোগে ও জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। বাগেরহাট শহরের বিভিন্ন এলাকা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে তা পরিষ্কার ও ধ্বংসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যুবদলের নেতাকর্মীরা সরাসরি মাঠে নেমে মশা নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালান।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু এখন কেবল একটি নির্দিষ্ট পরিবারের সমস্যা নয়, এটি সমগ্র জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি। একজন আক্রান্ত হলে পুরো পরিবারকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।
উদ্যোগের বিষয়ে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, মানুষের যেকোনো দুর্ভোগের সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই কার্যক্রম সম্পূর্ণ একটি সামাজিক উদ্যোগ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

