তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে ধারালো লোহার শিক দিয়ে বুকে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলা এলাকায় ফুটপাতে ভ্যানের ওপর ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ফুটপাতে দোকান বসানোসহ তুচ্ছ একটি বিষয় নিয়ে মধুর সঙ্গে পাশের এক সবজি বিক্রেতার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।

এ সময় ওই সবজি বিক্রেতা উত্তেজিত হয়ে কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

শিকের আঘাতে গুরুতর আহত হয়ে মধু ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মধুর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে বুকের ভেতরের প্রধান শিরা কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এলাকায় শোক ও ক্ষোভ

ঘটনার পর কার্পাসডাঙ্গা বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়রা জানান, সামান্য একটি বিরোধ থেকে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় তারা হতবাক। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন মানুষের প্রাণহানির ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফুটপাতে ফল ও সবজি বিক্রেতাদের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য কাজ করছে। নিহতের মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন