শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
Amardesh_un

মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর হামলায় অভিযুক্তদের বাড়িতে নয়, বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন অন্তত ১০টি পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোয়া শতডাঙ্গা গ্রামের আমিরুল মোল্যার সঙ্গে প্রতিবেশী আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল ও ফরিদ বিশ্বাসের বিরোধ চলছিল। এর জেরে গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল, ফরিদ বিশ্বাস, ফিরোজ বিশ্বাস ও মিরাজ বিশ্বাস দেশীয় অস্ত্র নিয়ে আমিরুল মোল্যার বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আমিরুল মোল্যার ছোট ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল, ফরিদ বিশ্বাস, ফিরোজ বিশ্বাস ও মিরাজ বিশ্বাসের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে, আমিরুল মোল্যার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর রাত সাড়ে ৩টার দিকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, হামলার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে নয়, বরং সালামত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, আবুল বিশ্বাস, হাসান বিশ্বাসসহ অন্তত ১০টি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এসব পরিবারের দাবি, তারা হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে, তাদের নাম উল্লেখ করেই থানায় অভিযোগ করা হয়েছিল। অথচ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং মূল্যবান মালামাল লুট করা হয়েছে।

এ বিষয়ে নিহতের ছোট ভাই ও মামলার বাদী আব্দুল মোল্যার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, আমিরুল মোল্যা হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন