ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবাইদুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশিকে ২৮ এপ্রিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যার পর লাশ নিয়ে যায়।
নিহত হওয়ার আড়াই মাস পর শনিবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে গোপালপুর সীমান্তে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানা ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৫৯ বিএসএফের মধুপর ক্যাম্প ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৫৮ মাটিলা কোম্পানি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে নিহত ওবাইদুল ইসলামের পিতা হানেফ আলী ও তার পরিবারের লোকজন শনাক্ত করার পর লাশ হস্তান্তর করা হয়। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদগা থানার এস আই বিশ্বজিৎ পাল মহেশপুর থানা ওসি তদন্ত সাজ্জাদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করেন। এসময় উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। পরে মহেশপুর থানা পুলিশ ওবাইদুলের লাশ পরিবারের হাতে তুলে দেয়।
এ বিষয়ে ৫৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে চিঠি আদান-প্রদানের মাধ্যমে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য গত ৫ জুলাই ৩ মাস পর অপর নিহত বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আকরামের লাশ বিএসএফ ফেরত দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

