ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা

ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা
আরডিসি কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: আমার দেশ

ঝিনাইদহ জেলায় ২০২৬ সালের ছয় মাসে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন আর নারী ৯৭ জন। গতকাল শনিবার সকালে মানবাধিকার সংগঠন আরডিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী প্রধান আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গলায় ফাঁস ও বিষপানে ১৮৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে পুরুষ ৯২ জন এবং নারী ৯৭ জন। সিভিল সার্জন ও ডিসি অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, চলতি বছরের ছয় মাসে যে আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার মধ্যে শীর্ষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা, যার সংখ্যা ৫৯ জন। এদের মধ্যে নারী ২৯ এবং পুরুষ ৩০ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা, যার সংখ্যা ৪৪। এর মধ্যে পুরুষ ১৮ এবং নারী ২৬ জন। তৃতীয় অবস্থানে রয়েছে হরিণাকুণ্ডু, যার সংখ্যা ২৫। এর মধ্যে পুরুষ ১০ এবং নারী ১৫ জন। চতুর্থ স্থানে আছে কোঁটচাদপুর, যার সংখ্যা ২১। এর মধ্যে পুরুষ ১৪ এবং নারী সাতজন। পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে কালীগঞ্জ এবং মহেশপুর, ২০ জন করে। এর মধ্যে পুরুষ ১২ এবং নারী আটজন।

ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তারপরও গত বছর থেকে চলতি বছর ঝিনাইদহ জেলায় আত্মহত্যার সংখ্যা ৬৪ জন বেশি। ২০২৫ সালে জানুয়ারি-জুন পর্যন্ত এ সংখ্যা ছিল ১২৫ জন। পুরুষ ৫৭ এবং নারী ৬৮ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, এখানকার মানুষ অতি আবেগী, ভৌগোলিক সমস্যা এবং ধৈর্যধারণের ক্ষমতা কম।

এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আত্মহত্যা রোধে অ্যাডভোকেসি সভা, কাউন্সেলিং বাড়ানো, যুবসমাজের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা। আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সিও এনজিও সমন্বয়ে বিভিন্ন কার্যক্রম মাঠপর্যায়ে পরিচালনা করতে হবে। তিনি আত্মহত্যা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন