তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।
সোমবার দুপুর ১২টার দিকে নিউমার্কেটের মেঘনা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে তিনজন শিক্ষার্থী আহত হওয়ার খবর জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এইচএসসি-২৭ ব্যাচের উত্তর ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী নবি বেশ কয়েকদিন ধরে ক্লাসে এবং হলে অনুপস্থিত ছিল। বিষয়টি তার পিতাকে জানায় তারই কক্ষের বন্ধু স্বচ্ছ। এ বিষয় নিয়ে গতকাল রাতে নবি এবং স্বচ্ছের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা শেষে নিউমার্কেটের মেঘনা ফিলিং স্টেশনের সামনে কলেজের আরও ১৫-২০ জন শিক্ষার্থী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইট দিয়ে আঘাত করায় মাথা ফাটে সিয়াম নামের এক শিক্ষার্থীর। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এ বিষয়ে কলেজের উত্তর ছাত্রাবাসের হল প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, এক বন্ধু তার আরেক বন্ধুকে হল ও ক্লাসে না দেখে তার বাবাকে ফোন দিয়ে জানায়। এ বিষয় নিয়ে সমস্যার উৎপত্তি। এ নিয়ে দুটি গ্রুপ সকালে একবার মারামারি করে, পরবর্তীতে আবার দুপুর ১২টার দিকে পাম্পে মারামারি করে। সেখানে দুজন শিক্ষার্থীর মাথা ফাটে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শৃঙ্খলাভঙ্গ এবং গ্রুপিংয়ের অভিযোগের সত্যতা পাওয়ায় কলেজ প্রশাসন ও হল কমিটির সিদ্ধান্তে কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দুজন এবং উত্তর ছাত্রাবাসের একজনসহ মোট তিনজন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ বলেন, আমরা যতদূর জানি, নারীঘটিত কোনো বিষয় নিয়ে তারা মারামারি করেছে। তবে তারা স্বীকার করেনি। এ ঘটনার তিনজনের হলের সিট বাতিল করা হয়েছে। এছাড়া আরেকজন শিক্ষার্থীর অভিভাবক আন্ডারটেকিং দিয়ে গেছেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে এদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। আর তিনজন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

