ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে এলো ৯০ টন কাঁচামরিচ

ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে এলো ৯০ টন কাঁচামরিচ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম দিনে প্রায় ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম চালানে ১০টি ট্রাকে ভর্তি কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।

বিজ্ঞাপন

আমদানিকারকরা জানান, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১০ মেট্রিক টন পর্যন্ত কাঁচা মরিচ ছিল। আমদানি কার্যক্রম অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আমদানির বিষয়টি নিশ্চিত করে বলেন, “সোমবার সন্ধ্যা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবেন।”

ব্যবসায়ীরা জানান, বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২ আগস্ট ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা শহরের খুচরা বাজার সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগেও জেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। কয়েক দফায় দাম বেড়ে বর্তমানে তা ২৫০ থেকে ৩০০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা শহরের কাঁচা-পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, “টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচের খেত পানিতে তলিয়ে গেছে। এতে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। ৫০ টাকার কাঁচা মরিচ এখন ২৫০ থেকে ৩০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কয়েক দিনের মধ্যেই দাম কমতে পারে।”

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, “সোমবার প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আগামীকাল আরও বেশি পরিমাণ কাঁচা মরিচ আমদানির সম্ভাবনা রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন