ধসে গেছে আশাশুনির কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ

ধসে গেছে আশাশুনির কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ
স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে কুড়িকাহুনিয়া বেড়িবাঁধ বাঁধ মেরামত করছেন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদা বেড়িবাঁধে হঠাৎ ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গতকাল সোমবার ভোররাতে ভাঙনের সূত্রপাত হয়ে সকাল ৭টায় তা ভয়াবহ রূপ ধারণ করেছে। মুহূর্তেই কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধ ও ওয়াপদা সড়কের প্রায় ৫০ মিটারের মতো অংশ ধসে নদী ও খালের দিকে বিলীন হয়ে গেছে।

বিজ্ঞাপন

বাঁধের এই আকস্মিক ভাঙনে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ও মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে প্রতাপনগরসহ পার্শ্ববর্তী এলাকার ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বিগত ২০১৯ ও ২০২০ সালে ঘূর্ণিঝড় ও জোয়ারের তোড়ে এই উপকূলীয় অঞ্চলের মানুষ যেভাবে ভিটেমাটি, ফসল ও মৎস্যঘের হারিয়ে নিঃস্ব হয়েছিলেন, সেই তিক্ত স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন তারা। অতিকষ্টে ঘুরে দাঁড়াতে শুরু করা উপকূলীয় এসব মানুষ নতুন করে ঘরবাড়ি ও ফসল হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ঘটনাস্থলে ছুটে এসে বাঁধ রক্ষার লড়াই শুরু করেন। বালি ও মাটি ফেলে স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।

স্থানীয় প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সকাল থেকে জনগণকে নিয়ে আমরা ভাঙন মোকাবিলায় কাজ করছি। তবে দ্রুত বালি ভরাট ও জিওব্যাগ ফেলে টেকসই মেরামত করা না গেলে ভাঙন আরো বিস্তৃত হবে।’

এদিকে খবর পেয়ে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এ সময় ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যানকে প্রাথমিকভাবে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে। তারা দ্রুত কাজ শুরু করবে।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আনুমানিক ৫০ মিটারের মতো বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোত সামলে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন