সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচণ্ডী এলাকায় একটি মৎস্যঘেরে ডাকাতির সময় বাধা দেওয়ায় ইয়াদিন আলী মোল্লা (৫০) নামে এক মৎস্যচাষিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।
আহত ইয়াদিন আলী মোল্লা দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্লার ছেলে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আহত ইয়াদিন আলী মোল্লা জানান, প্রতিদিনের মতো তিনি রাতে নিজের মৎস্যঘের পাহারা দিচ্ছিলেন। ভোর প্রায় ৪টার দিকে একদল সংঘবদ্ধ ডাকাত ঘেরে নেমে আটল থেকে মাছ তুলে নিতে শুরু করে। তিনি বাধা দিতে গেলে ডাকাতেরা তার ওপর হামলা চালায়। এ সময় ডাকাত দলের সদস্যদের মধ্যে পারুলিয়া পলগাদা এলাকার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদকে চিনে ফেললে তিনি ধারালো দা দিয়ে ইয়াদিন আলীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে তার চিৎকার শুনে পাশের ঘেরের লোকজন ছুটে এলে ডাকাতেরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় মৎস্যচাষী খায়রুল ইসলাম, মাসুদ রানা, ওহিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, গভীর রাত হলেই সংঘবদ্ধ দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে মৎস্যঘেরে ঢুকে মাছ লুট করে নিয়ে যায়। অস্ত্রের মুখে তারা কোনো প্রতিবাদ করতে পারেন না। ফলে দীর্ঘদিন ধরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এলাকার মৎস্যচাষিরা। তারা মৎস্যঘেরে ডাকাতি প্রতিরোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

