আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনি অফিস ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনি অফিস ভাঙচুর

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের দুটি নির্বাচনি অফিসে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল সড়কে ও হেলাই গ্রামে নির্বাচনি অফিসে হামলা চালানো হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ককটেলসদৃশ বস্তু উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে চারটি মোটরসাইকেলে আটজন নলডাঙ্গা ভূষণ সড়কে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি অফিসে হামলা চালায়। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। অতর্কিত হামলা চালিয়ে অফিসের টেবিল, চেয়ার ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর অফিসের মধ্যে একটি ককটেল নিক্ষেপ করা হয়। কিন্তু সেটি অবিস্ফোরিত থাকে। পরে পুলিশ এসে একটি ককটেল উদ্ধার করে।

অন্যদিকে আটজনের একটি দল পৌরসভার হেলাই গ্রামে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনি অফিসে হামলা চালায়। অফিসে থাকা চেয়ারগুলো ভাঙচুর করে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা।

হেলাই গ্রামের স্থানীয় যুবক নুর ইসলাম বলেন, রাত আটটার দিকে মতিয়ার ও মোশাররফসহ আমরা তিনজন কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনি অফিসে বসে ছিলাম। হঠাৎ চারটি মোটরসাইকেলে আটজনের একটি দল এসে অফিসে ভাঙচুর করে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বৃহস্পতিবার ফুরসন্দি ও ঘোড়শাল ইউনিয়নে ছিলাম। হঠাৎ শুনি নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের দুটি অফিস ভাঙচুর করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের দুটি অফিসে কেউ না থাকায় ভাঙচুর করেছে। এছাড়া একটি অফিসের মধ্য থেকে কালো টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে। সেটি ককটেল কি না, পরীক্ষার পর বলা যাবে। খবর শোনামাত্রই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অফিস দুটি পরিদর্শন করেছেন। এলাকার পরিবেশ শান্ত আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...