ঝিনাইদহের শৈলকূপায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গোলাম মোস্তফা (৪৭), স্ত্রী সেলিনা খাতুন (৩৬) ও তাদের একমাত্র সন্তান মাহিম (৫)। নিহত গোলাম মোস্তফা শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।
পুলিশ জানিয়েছে, কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মোটরসাইকেলটি আসাননগর এলাকায় পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি নিহত হন। গুরুতর আহত সেলিনা খাতুন ও ব্যবসায়ী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
মোস্তফার প্রতিবেশী আলমগীর হোসেন জানান, দুপুরে স্ত্রী সন্তানসহ গোলাম মোস্তফা ঝিনাইদহ শহরে ঈদের কেনাকাটা করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

