ঈদুল ফিতরের ছুটিতে বাগেরহাটের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোতে নেমেছে দর্শনার্থীদের ঢল। বিশেষ করে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ষাটগম্বুজ মসজিদ ও খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘী এলাকায় দেখা গেছে উপচে পড়া ভিড়।
ঈদের প্রথম দিন থেকেই দেশ-বিদেশের হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় সাড়ে ৬’শ বছর আগে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
দর্শনার্থীরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঘুরে দেখছেন প্রাচীন স্থাপত্য, তুলছেন ছবি ও সেলফি। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও। পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়, ঈদের প্রথম দিনেই প্রায় এক লাখ ৮০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। ঈদের পর দুইদিনে প্রায় ১৫ হাজার দর্শনার্থী এ স্থান পরিদর্শন করেছেন, যা গত বছরের তুলনায় অনেক বেশি।
দর্শনার্থী ঝরনা বেগম বলেন, “বাচ্চাদের নিয়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক।”
দর্শনার্থীদের বাড়তি চাপ সামাল দিতে ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশর কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
ঐতিহ্য, স্থাপত্য ও প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গড়া ষাটগম্বুজ মসজিদে ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে দর্শনার্থীদের এ ব্যাপক উপস্থিতি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

