চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক পরিচালনার দায়ে লাইফ কেয়ার মেডিকেল সেন্টারকে ভ্রাম্যমাণ আদালত সিলগালা করেছে। এছাড়া প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মামুন অর রশীদ শাওনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল পর্যন্ত কার্পাসডাঙ্গা, দামুড়হুদা সদর ইউনিয়ন ও দর্শনা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ক্লিনিকে নার্স হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তিরা কেউই নিবন্ধিত নার্স নন। নার্সিং প্রশিক্ষণ ছাড়াই তারা রোগীদের শরীরে ইনজেকশন প্রদান করতেন। এছাড়া রোগ পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহকারীও অনুমোদিত ব্যক্তি ছিলেন না।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন,“পর্যবেক্ষণের সময় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেননি। অপারেশন ও পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। স্বাস্থ্যসেবা সরঞ্জামাদি এবং পরিবেশ মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।”
তিনি আরও জানান, উপজেলার সব স্থানে নিয়মিত অভিযান চলবে এবং অনুমোদনহীন সকল ল্যাব, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, “মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনহীনতা থাকায় ক্লিনিকটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিলগালা ও জরিমানা করা হয়েছে।”
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

