দৌলতপুর সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

দৌলতপুর সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার ঠোঁটারপাড়া এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস-এর কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, সকালে ঠোঁটারপাড়া সীমান্ত দিয়ে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয় জনতা ও বিজিবির নজরে এলে তাদের তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফ সদস্যরা ব্যর্থ হন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যান।

এদিকে আজ সকাল ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল পৌনে ৮টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ ঠোঁটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষান ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের চারজন (দুজন পুরুষ ও দুই নারী) ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা পরিলক্ষিত হয়। এ সময় বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সকাল ৮টার দিকে ওই চার ভারতীয় নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও কঠোর নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন