কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি, তা স্বৈরাচারী সরকারের আমলে নিয়োগ করা হয়েছিল। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করে বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। সরকারকে বিভ্রান্ত করতে তারা তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারেন। তবে যেসব জেলায় বিএনপির সংসদ সদস্যরা রয়েছেন, সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের গড়াইঘাটে শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে সরাসরি প্রশাসনের লোকজন জড়িত ছিল। এখানে ইউএনও এবং ডিসিরা এই কার্যক্রম পরিচালনা করেছেন। এখানে বিরোধী দল যদি কোনো অভিযোগ করে থাকে, তবে তারা কার বিরুদ্ধে অভিযোগ করছেন, তা আমার জানা নেই।
প্রতিমন্ত্রী বলেন, গত ৮ তারিখে শহীদ আবরার ফাহাদের বাবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি মসজিদ ও গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতুর দাবি জানিয়েছেন। এরপর গড়াই নদীর ওপর সেতুটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। এ ছাড়া আমার সঙ্গে এই সেতুসংশ্লিষ্ট প্রকৌশলীরাও এসেছেন। তিনি আরো বলেন, ‘আমাদের একটু সময় দিতে হবে; আমরা এখানকার সয়েল টেস্ট করব, স্টাডি করব—তারপর কাজ শুরু করব। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলতে পারি, দ্রুত সময়ের মধ্যে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ।’
এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও তদন্ত ইউনিট) মো. এবাদত আলী, খোকসা উপজেলাধীন গড়াই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান এবং কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

