সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, ‘সরকারি যেটা বরাদ্দ হবে, সেই বরাদ্দ জনগণের জন্য হয়। প্রতিটি পাই-পয়সা খরচ হচ্ছে সঠিক জায়গায় এটা নিশ্চিত করতে বলেছি।’
সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো দুর্নীতির আশ্রয় যদি কেউ নেই, শুধু তার চাকরি যাবে তা নয়, সাথে সাথে তার বিরুদ্ধে একটা মামলাও হবে।’
মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক হানাহানি, মারামারি— সমস্ত কিছু নিরপেক্ষভাবে মোকাবিলা করতে প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি। কারণ গুটি কয়েক এ ধরনের মিস ক্রিয়েন্টের কারণে সরকারের সব ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। আমরা প্রথম দিনই বলেছি, বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বন্ধপরিকর। সেই পথ ধরেই আমরা হেঁটে যাব’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয়, তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’
এদিকে দুপুরে শৈলকুপা ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শৈলকুপা উপজেলা শাখা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে তিনি যোগ দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

