আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। বুধবার রাতে জেলা শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাক।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সভায় অংশ নেন সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের সভাপতি রতন কুমার দাস, হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক কাজল দাস, গৌর নিতাই আখড়ার সাধারণ সম্পাদক সুনীল মুদক, মৃদুল কান্তি চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার, বিশু কুমার গুপ্ত, রিপন চন্দ্র সূত্রধর, পলাশ চন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় আসন্ন দুর্গাপূজা ঘিরে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সব ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত নেতারা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

