যশোরের চৌগাছায় এইচএসসি ২য় বর্ষের এক ছাত্রীকে (১৮) ধর্ষণের ঘটনায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রাব্বি চৌগাছার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী মেয়েটি জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশী মামাতো ভাই চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হয়। শনিবার সরকারি ছুটি, উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসে। পরে রাব্বি মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার পূর্বপরিচিত চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের নিরিবিলি পাড়ার বাসিন্দা জনৈক জাহানারা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে একটু সুস্থ বোধ করলে মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় এবং পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়।
এর পরিপ্রেক্ষিতে মেয়েটির মা ও মেয়েসহ সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা ধর্ষক সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে আটক করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিম মেয়েটির পরিবার লিখিত এজাহার দিয়েছে। ধর্ষক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল রোববার যশোর আদালতে পাঠানো হবে। এছাড়া মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

