সাতক্ষীরা শহর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে জাকজমকপূর্ণ পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করে বলেন, আজকের মেধা কেবল জিপিএ-৫ পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং এই মেধাকে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের আলোয় আলোকিত করতে হবে। মেধা ও সততার সংমিশ্রণ ছাড়া কখনো একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের এই তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করে সম্মাননা স্মারক ক্রেস্ট, ফুল, বিভিন্ন ইসলামী বই, কলম, প্যাড ও দাওয়াতী উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের এই বিশেষ মুহূর্তটির স্মৃতি ধরে রাখার জন্য ছিল দৃষ্টিনন্দন ফটোফ্রেম। পাশাপাশি সংগঠন ও সমাজ গঠনে নতুন প্রজন্মের গঠনমূলক মতামত ও সুচিন্তিত পরামর্শ গ্রহণের জন্য আয়োজনস্থলে স্থাপন করা হয় একটি বিশেষ ‘পরামর্শ বোর্ড’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

