বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, একজন মুমিন হিসেবে পরিচয় দিতে হলে নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করতে শিখতে হবে। প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। এ জন্য নিয়মিত আত্মসমালোচনা, কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং মানুষের অধিকার রক্ষায় সচেতন হওয়া জরুরি।
কুষ্টিয়া শহরের মোল্লা তেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জেলার উপজেলা কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের আমির ও সেক্রেটারিরা অংশ নেন।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, কথা ও কাজে সততা, ন্যায়নিষ্ঠা এবং আমানতদারির পরিচয় দেওয়া প্রত্যেক মুমিনের দায়িত্ব। ব্যক্তিগত জীবনে আত্মশুদ্ধির পাশাপাশি সমাজের মানুষের অধিকার রক্ষা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে।
তিনি আরও বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই সে সফলকাম হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।’ প্রকৃত আত্মশুদ্ধি শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিজীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও আল্লাহভীতি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। এর মধ্য দিয়েই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।
কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হকের সঞ্চালনায় শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ, নেতৃত্বের গুণাবলি, নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং সংগঠন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং আদর্শিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শিক্ষা শিবিরে ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে সততা, দায়িত্বশীলতা, আত্মসমালোচনা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


